স্ন্যাপচ্যাট-এ পাঠানো মেসেজ এডিট করা যাবে
স্ন্যাপচ্যাট-এ পাঠানো মেসেজ এডিট করা যাবে

বর্তমানে প্রায় সবগুলো সোশ্যাল মিডিয়া ও মেসেজিং প্লাটফর্মে মেসেজ করার ফিচার সুবিধা চালু করেছে। এবার এ ফিচার আনার পরিকল্পনা করছে অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাট। ফলে এর ব্যবহারকারীরা সহজে মেসেজের বানান ও ভুল সংশোধন করতে পারবেন। প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় সাইট টেকটাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ মেসেজ এডিটিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজ পাঠানোর সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে এটি এডিট করতে পারবেন। এই ফিচারটি স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করবে।
মেসেজ এডিট ফিচারটি প্রাথমিকভাবে শুধু স্ন্যাপচ্যাট প্লাস গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ তারাই এডিটিং ফিচারটি ব্যবহার করতে পারবেন যারা অ্যাপটির প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করছেন। সব ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে নাগাদ চালু হবে এ বিষয়ে পরিস্কার করে এখনো কিছু জানায়নি স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ।
সম্প্রতি সক্রিয় মাসিক ব্যবহারকারীর দিক থেকে নতুন একটি রেকর্ড করছে স্ন্যাপচ্যাট। বর্তমানে প্ল্যাটফর্মটির প্রায় ৭৫ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। স্ন্যাপচ্যাট তাদের ২৪ ঘণ্টা মেয়াদোত্তীর্ণ স্টোরি ও পার্সোনাল মেসেজ ফিচারের জন্য বেশি পরিচিত।
সম্প্রতি স্ন্যাপচ্যাট কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআই নির্ভর নতুন ফিচার যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে চ্যাটজিপিটি নির্ভর একটি এআই অ্যাসিস্ট্যান্ট এবং ড্রিমস নামের একটি এআই সেলফি এডিটিং টুল। স্ন্যাপচ্যাটের এআই টুল ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন ছবি কৃত্রিমভাবে তৈরি করা যায়। এর মাধ্যমে ভুয়া ছবিও তৈরি করছেন বিভিন্ন কাজে ব্যবহার করছেন অনেকে। এ সমস্যা সমাধান করতে তাদের নিজেদের এআই টুল দিয়ে তৈরিকৃত ছবিতে স্বয়ংক্রিয়ভাবে জলছাপ যুক্ত করতে এআই নির্ভর ফিচার যুক্ত করে স্ন্যাপচ্যাট।